দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৪ ঘণ্টার পুলিশ কন্ট্রোল রুম চালু রাখার ঘোষণা করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আমতায় এক কর্মসূচিতে এ কথা জানান হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার অমিত ভার্মা।পুজোর সময় বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ে। বিশেষত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাস্তাঘাটে মানুষের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং ভিড় সামলানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা মোকাবিলাতেও বাড়তি সতর্কতা প্রয়োজন।
এই পরিস্থিতিতে কন্ট্রোল রুমের মাধ্যমে জরুরি পুলিশি পরিষেবা আরও সক্রিয় রাখার পরিকল্পনা করেছে জেলা পুলিশ।পুলিশ সূত্রে খবর, পুজোর দিনগুলিতে কোথাও আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে কিংবা জরুরি সহায়তার প্রয়োজন হলে কন্ট্রোল রুমের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করার উপরেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তা, জনবহুল এলাকা এবং পুজোমণ্ডপ সংলগ্ন অঞ্চলে নজরদারি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।পুলিশ প্রশাসনের পাশাপাশি পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের সহযোগিতাও নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আধিকারিকেরা। উৎসবের আনন্দ যাতে কোনও অপ্রীতিকর ঘটনায় বিঘ্নিত না হয়, সে দিকে নজর রেখেই প্রস্তুতি নিচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।














