Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘প্রতি ঘণ্টায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে’, দুবাই বিমানবন্দরে আটকে পিভি সিন্ধু

‘প্রতি ঘণ্টায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে’, দুবাই বিমানবন্দরে আটকে পিভি সিন্ধু

উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে দুবাই বিমানবন্দরে আটকে পড়লেন ভারতের ব্যাডমিন্টন মহাতারকা পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেন খেলতে বার্মিংহ্যাম যাওয়ার পথে এই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক। প্রাণভয়ে কোচকে নিয়ে দৌড়তে হয় সিন্ধুকে। পরিস্থিতি এতটাই জটিল যে দুবাইয়ের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে সমস্ত বিমান। শুধু সিন্ধু নন, দোহায় আটকে পড়েছে ভারতীয় বাস্কেটবল দল। অন্যদিকে হজ সেরে ফেরার পথে জেড্ডায় বিপাকে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও। প্রতি মুহূর্তে বাড়ছে উদ্বেগ। সিন্ধু সমাজমাধ্যমে তাঁর আতঙ্কের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।’

 

 

ধোঁয়া আর ধ্বংসাবশেষের মাঝখান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। বর্তমানে দুবাই কর্তৃপক্ষ ও ভারতীয় দূতাবাসের সহায়তায় একটি সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন এই অলিম্পিক পদকজয়ী। বিপর্যয়ের এখানেই শেষ নয়। মঙ্গলবারের অল ইংল্যান্ড ওপেনে সিন্ধুর অংশগ্রহণ এখন বিশ বাঁও জলে। অন্যদিকে ভারতীয় বাস্কেটবল দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলে দোহা থেকে ফিরতে পারছে না। একই অবস্থা মুশফিকুর রহিমেরও। দুবাই হয়ে দেশে ফেরার পথ বন্ধ থাকায় তিনি জেড্ডায় আটকে রয়েছেন। আকাশসীমা অবরুদ্ধ থাকায় পর্যটকদেরও দুবাই যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন সিন্ধু-সহ কয়েক হাজার যাত্রী। ছবি পিটিআই।

READ MORE.....