রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দিনদুয়েকের রাশিয়া সফরে তিনি বৈঠক করতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহেই রাশিয়ায় গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন জয়শংকর।
রাশিয়া থেকে তেল আমদানির শাস্তিস্বরূপ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক।’














