দোকানে অভিযান চালিয়ে ১৮টি সন্দেহজনক চোরাই মোবাইল ফোন উদ্ধার করল বকুলতলা থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম একরামুল মিস্ত্রি ওরফে সামিম (২২)।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশ পশ্চিম বৈষ্ণাটা এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে ১৮টি সন্দেহজনক চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।
ওই মোবাইল ফোনগুলি নিজের হেফাজতে রাখার বৈধ নথিপত্র দেখাতে পারেননি দোকানে থাকা যুবক। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ঘটনার তদন্তে প্রাসঙ্গিক আইনি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির উৎস কী এবং সেগুলির প্রকৃত মালিক কারা, তা জানতে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।














