তৃণমূলের রাজ্য নেতা ও মন্ত্রী মানস ভূইঞা আজ তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূলের দলীয় বিএলএ এবং নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে নতুন খসড়া ভোটার তালিকায় বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি কর্মীদের জানান, যারা নতুন তালিকায় নাম বাদ পড়েছে তাদের শুনানি প্রক্রিয়ায় সর্বাত্মক সাহায্য করতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করতে সহযোগিতা করতে হবে।
মানস ভূইঞা বলেন, যারা আগামী ১লা জানুয়ারি পূর্ণবয়স্ক হয়ে ১৮ বছর পূর্ণ করবে, তাদেরও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সহায়তা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এস আই আর পরবর্তী কাজগুলো খুব কঠিন, তাই কর্মীদের সতর্ক ও সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী একটিও বৈধ নাগরিক যেন ভোটার তালিকায় বাদ না পড়ে, সেই লক্ষ্য রাখতে হবে। মানস বাবুকে বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে পুরুলিয়া সফর শেষ করেছেন এবং পরে বিষ্ণুপুরে যাবেন।
বৈঠকের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জেলায় দলীয় নেতা-কর্মীরা ভালো কাজ করেছে এবং জেলা সভাপতি তারা শঙ্কর রায়ও তাদের প্রশংসা করেছেন। পাশাপাশি, বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারীর সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকার শিল্পায়নের পথে এগোচ্ছে এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়াচ্ছে।















