Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বেলদায় প্রচার ঘিরে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘিরে বচসা—থানার সামনে পথ অবরোধে অচল পরিস্থিতি

বেলদায় প্রচার ঘিরে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘিরে বচসা—থানার সামনে পথ অবরোধে অচল পরিস্থিতি

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বেলদা এলাকায় নির্বাচনী প্রচার ঘিরে শুক্রবার সকালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাম সরিষা এলাকায় বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি প্রচারে গেলে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে খবর, প্রচারের সময় এক ব্যক্তি প্রার্থীকে উদ্দেশ্য করে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী এবং তাঁর সমর্থকদের সঙ্গে স্থানীয় কিছু মানুষের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি ও তাঁর সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তাঁরা অভিযোগ তোলেন যে প্রার্থীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা বেলদা থানার সামনে গিয়ে পথ অবরোধ করেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তির মুখে পড়তে হয়।

অবরোধের জেরে বেলদা ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসন অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, পুরো ঘটনাই পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা বলেন, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঢাকতেই এই ধরনের নাটক সাজানো হচ্ছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

READ MORE.....