বেকার ভাতা প্রকল্প ‘যুবসাথী’র আবেদন ঘিরে রাজ্যজুড়ে জনবিস্ফোরণ রুখতে বড় পদক্ষেপ করল নবান্ন। এবার আর শুধু ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে নয়, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই প্রকল্পে। সোমবার সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই ক্যাম্প করে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড় এবং কোথাও কোথাও বিশৃঙ্খলার খবর মেলায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই ডিজিটাল রাস্তা বেছে নিল প্রশাসন।
নতুন পদ্ধতিতে আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের https://apas.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ বিকল্পটি বেছে নিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করলেই মিলবে ডিজিটাল ফর্ম। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি অনলাইনে সাবমিট করার পর তা ডাউনলোড করে নিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভিড় সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা বলে নবান্ন সূত্রে খবর। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দিয়েছে সরকার।
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী, আবেদনকারী যদি অন্য কোনও স্কলারশিপ পেয়ে থাকেন, তবে যুবসাথীর টাকা পেতে বাধা নেই। কিন্তু রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। মূলত পাঁচ বছরের জন্য প্রতি মাসে এই ভাতা পাবেন উপভোক্তারা। পাঁচ বছর পরেও যদি কেউ কর্মসংস্থান না পান, তবে রিভিউ বা পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য ২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পের পরিষেবা চালু থাকছে। সেখানে সরাসরি নথি জমা দিয়ে তৎক্ষণাৎ রসিদ সংগ্রহ করা যাবে। নবান্নর এই পদক্ষেপে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।















