পুলিশের অভিযানে জাল নোট পাচারের চেষ্টা ভেস্তে গেল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ দুই যুকককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে এক লক্ষ টাকার ভুয়ো ভারতীয় নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল মোরিফুল রহমান ও রাজা মোমিন। দু’জনেরই বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায়। ধৃতদের শনিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। সুতি থানার আইসি সুপ্রিয় মাজি বলেন, ধৃতরা গত কয়েক মাস ধরে জালনোট কারবারে হাত পাকাচ্ছিল। ওইদিন মালদা জালনোট নিয়ে সড়কপথে সুতিতে আসে এবং হাত বদলের জন্য লক্ষ্মীপুরে এসেছিল। অভিযান চালিয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালানোর সময় মোট এক লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত হয়।
ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সূতি থানার পুলিশ জানিয়েছে, সোর্স মারফত খবর ছিল শুক্রবার রাতে লক্ষ্মীপুর এলাকায় জালনোট হাত বদল হবে। খবর মোতাবেক ওই এলাকায় নজরদারি শুরু হয়। রাত প্রায় ১২টা নাগাদ দুই যুবককে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই পর্দাফাঁস হয়।















