টাকা বাজেয়াপ্ত করা দূর, কার্যত ডাকাত-লুটেরার ভূমিকায় দেখা গেল মধ্যপ্রদেশ পুলিশকে! গাড়ি থেকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা লুট ও গাড়ির চালককে মারধরের অভিযোগে এসডিপিও-সহ ১০ জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, গাড়িতে চাপিয়ে মধ্যপ্রদেশের কাটনি থেকে মহারাষ্ট্রে জালনায় বিপুল টাকা পাঠাচ্ছিলেন এক ব্যবসায়ী। বুধবার রাতে এই টাকা পাঠানোর সময় সিলাদেহি জঙ্গলের রাস্তায় পুলিশ গাড়িটিকে থামায়। তলাশি চালানোর সময় দেখা যায়, গাড়ির মধ্যে রয়েছে রাশি রাশি টাকা।
অভিযোগ, সেই টাকা বাজেয়াপ্ত করার পরিবর্তে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেই টাকা রীতিমতো লুট করে নেন। এমনকী চালককে ব্যাপক মারধরও করা হয়। এরপরই গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ও চালক। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত।














