নয়া জামানা,কলকাতাঃ হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। অভিযোগ, ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে আদালতের একাধিক নির্দেশ মানা হয়নি। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে মমতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন।শুক্রবার কালীঘাট তৃণমূলের উদ্যোগে ক্যাথিড্রাল রোডে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সভার জন্য কলকাতা হাই কোর্ট একাধিক শর্ত দিয়েছিল।
আদালতের নির্দেশ অনুযায়ী, সভায় দেড় হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।অভিযোগ, সভায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয় এবং রাস্তার একটি অংশ কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যায়। মমতার ইশারায় রাস্তার অন্য প্রান্তে থাকা কর্মী-সমর্থকরা ব্যারিকেড টপকে মঞ্চের কাছে চলে আসেন বলেও অভিযোগ। এর জেরে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।ঘটনার পর শুভেন্দু অধিকারী বলেন, হাই কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে।
পুলিশকে এফআইআর করার পাশাপাশি আদালতে বিষয়টি জানাতেও নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।এর পর শনিবার মমতার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও ঘটনায় কড়া অবস্থানের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।















