শনিবার মুম্বইয়ের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। মহারাষ্ট্রের ইতিহাসে সুনেত্রা পওয়ারই প্রথম মহিলা যিনি এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আসীন হলেন।
গত বুধবার বারামতীতে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এনসিপি প্রধান অজিত পাওয়ার। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজ্য রাজনীতিতে। এরপরই দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অন্য এক উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন অজিত পওয়ারের অনুগামীরা ‘অজিত দাদা অমর রহে’ স্লোগানে গোটা চত্বর ভরিয়ে তোলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় সুনেত্রা পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সুনেত্রা জনকল্যাণে নিজেকে উৎসর্গ করবেন এবং প্রয়াত অজিত পাওয়ারের স্বপ্ন পূরণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সুনেত্রা পাওয়ারকে আবগারি, ক্রীড়া ও যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অজিত পাওয়ারের হাতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও অর্থ দপ্তর দু’টির দায়িত্ব বর্তমানে নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।















