মাদার টেরিজার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মিশনারি অফ চ্যারিটিতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শিক্ষক দিবসের দিনে তিনি পৌঁছে যান কলকাতার মিশনারিজ অফ চ্যারিটিতে। সেখানে গিয়ে মিশনারি অফ চারিটিদের সুপিরিয়র জেনারেল সিনিয়র মেরি জোসেফের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মাদার টেরিজা সমাজের দুর্বল ও পীড়িত মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর জীবন আমাদের সর্বাগ্রে মানবতার কথা মনে করায়। আজ তার তৈরি মিশনারি অফ চ্যারিটিতে যাওয়ার পরে তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা মনে পড়ে গেল।
মাদারের জীবন অগণিত মানুষের জন্য উৎসর্গীকৃত হয়েছিল। মাদার ছিলেন শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানবতার প্রতীক। মানুষের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে, সেবা কত নিঃস্বার্থ হতে পারে – মাদার তা সারা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন। সারা বিশ্ব জুড়ে আমার মতো অগণিত মানুষকে তাঁর এই মানবপ্রেম অনুপ্রাণিত করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোর জন্য আরো কাজ করে যেতে।’ এরপরেই তিনিও যে মাদার টেরেজার মতোই ভারতবর্ষের বুকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করেন তা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘একই আদর্শে আমরা বিশ্বাসী। যে আদর্শে ভারতের মানুষ শান্তিপূর্ণ সমমর্যাদায় সহাবস্থান করে, যে শান্তির ভিত্তি ভালোবাসা, পারস্পরিক সম্মান ও মর্যাদা।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।















