শুক্রবার মেদিনীপুর কলেজে এসএফআই ছাত্র সংগঠনের মিছিলে এবিভিপি’র হামলার প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরে নাগরিক মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা বিজয় পাল সহ আরো অনেকে। মিছিলে অংশগ্রহণ করে মহম্মদ সেলিম বলেন, শুক্রবার মেদিনীপুর কলেজে বিজেপি বাহিনী ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
তার প্রতিবাদে এবং বিজেপির দখলদারির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়ে এই নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মেদিনীপুরের শিক্ষা-সংস্কৃতি-ঐতিহ্য কে রক্ষা করার দায়িত্ব আপনার-আমার সকলের। তিনি সকলকে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনের মিলিত হতে হবে, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে।















