ভোটের মুখে বড় চমক রাজ্য বাজেটে। শিক্ষিত বেকারদের মুখে হাসি ফুটিয়ে এবার মাসিক ভাতার ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার নিয়ে এল ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত টানা পাঁচ বছর এই সুবিধা মিলবে। আগামী ১৫ আগস্ট থেকেই রাজ্যে এই নতুন প্রকল্পের সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
রাজ্য বাজেটের এই বড় ঘোষণার ফলে কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী উপকৃত হবেন। তবে এই সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে। সরকারি ঘোষণা অনুযায়ী, নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, যাঁরা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এই বিপুল কর্মকাণ্ড সামলাতে আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন।
কেবল বেকারদের জন্য ভাতাই নয়, এদিন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা এবং এসসি-এসটি মহিলারা ১২০০ টাকার বদলে মাসে ১৭০০ টাকা করে পাবেন। এই বর্ধিত ভাতা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হচ্ছে। রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি এবার শিক্ষিত তরুণ প্রজন্মের হাতেও নগদ টাকা পৌঁছে দিতে চাইছে শাসকদল। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে যুব সমাজকে পাশে পেতেই এই ‘যুবসাথী’ প্রকল্পের অবতারণা। কর্মসংস্থান নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে এই প্রকল্প সরকারের বড় হাতিয়ার হতে চলেছে। সব মিলিয়ে শিক্ষা এবং বয়সের মাপকাঠিতে যারা এতদিন কর্মহীন ছিলেন, তাদের জন্য এই অগস্ট মাস থেকেই খুলতে চলেছে সরকারি সহায়তার দরজা।













