রাত পোহালেই বাঁকুড়ার ইন্দাসে পা রাখতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ। শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজের মাঠ ইতিমধ্যেই সাজো সাজো রব আর প্রস্তুতিতে ভরপুর। তৃণমূলের জেলা ও বুথ স্তরের নেতারা যেন ব্যাকুল হয়ে প্রস্তুতি নিচ্ছেন নেতা অভিষেককে স্বাগত জানানোর জন্য।
এবার চমক ছাড়া যাচ্ছে না ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও। সাংসদ অভিষেকের নামে আয়োজন করা হয়েছে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা, যার নাম রাখা হয়েছে ‘অভিষেক কাপ’। এই ঘোষণা দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবসমাজের অনুপ্রেরণা। তাই আমরা একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি।
৩১শে জানুয়ারি ইন্দাস হাইস্কুলের খোলা আলোকিত মাঠে সারারাত চলবে এই প্রতিযোগিতা। মোট আটটি দল অংশগ্রহণ করবে। শেখ হামিদ আরও জানান, এই ফুটবল অনুষ্ঠানের সঙ্গে আরও কিছু চমক থাকবে, যা পরে বিস্তারিত জানানো হবে।
এবার দেখার বিষয়, এই উদ্যোগ কতটা যুবসমাজকে উৎসাহিত করতে পারবে। ফুটবল খেলার মধ্য দিয়ে কি তারা শৃঙ্খলা, দলগত ভাবনা আর সুস্থ প্রতিযোগিতার আনন্দ গ্রহণ করতে পারবে, তা সবসময়ই নজর রাখার মতো।












