শীতের আগমনী সুর বাজতে না বাজতেই উত্তরবঙ্গের জলাভূমিগুলিতে শুরু হয়েছে পরিযায়ী পাখিদের আনাগোনা। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের সীমানায় সুকান্ত পল্লীর বিখ্যাত ভেরভেরি পুকুরে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে হাজারো শীতের অতিথি। প্রকৃতির সজীবতা ও জীববৈচিত্র্যের পুনর্জাগরণে যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে এই জলাভূমি। স্থানীয় বনদফতর জানিয়েছে, এ বছরও আগের মতো দেখা মিলছে নানা প্রজাতির পরিযায়ী পাখির ।
যেমন বালি হাঁস, গার্গেনি, নরসিং হাঁস, হুইসলার, গ্রেটার ক্রেস্টেড টার্ন, বেগুনি কাঁচি সহ আরও বহু প্রজাতি। কঠিন শীত থেকে রক্ষা পেতে, নিরাপদ প্রজনন ক্ষেত্র খুঁজতে এবং দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নিতে প্রতি বছরই উত্তরবঙ্গের আবহাওয়া ও জলাভূমিগুলিকে বেছে নেয় তারা। বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী পাখির সংখ্যা বৃদ্ধি পরিবেশের সুস্থতা ও জলাভূমির সুরক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশক। জলাশয় স্বাস্থ্যকর ও দূষণমুক্ত থাকলে পরিযায়ী পাখিরা বিনা দ্বিধায় সেখানে আসে।
এ কারণে এ বছর অবাঞ্ছিত শিকার রোধ, জলাভূমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আরও কঠোর নজরদারি শুরু করেছে বনদফতর।পাশাপাশি উদ্যোগী হয়েছেন সুকান্ত পল্লীর বাসিন্দারাও।ইতিমধ্যেই ভেরভেরি পুকুরে পাখি দেখতে ভিড় বাড়তে শুরু করেছে। ইসলামপুর ছাড়াও পাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন এই শীতের অতিথিদের দেখতে। এতে স্থানীয় পর্যটন ও ছোট ব্যবসায়েও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী। প্রকৃতিপ্রেমী, প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে নিরাপদে শীত কাটিয়ে আবার নিজের আবাসে ফিরতে পারবে এই আশা নিয়েই পরিযায়ী পাখিদের স্বাগত জানাচ্ছে ইসলামপুরবাসী।













