সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে। শহর জুড়ে জারি হচ্ছে পুরনিগমের নতুন নির্দেশিকা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের কাজে বাধা দিচ্ছে রাস্তার ধারে পার্ক করা গাড়ি। ফলে সকালে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধানেই কলকাতা পুর কমিশনার সুমিত গুপ্তাকে মেয়র নির্দেশ দিয়েছেন, অবিলম্বে নির্দেশিকা জারি করতে যাতে সকাল সাতটা থেকে ন’টা পর্যন্ত শহরের কোনও রাস্তার ধারে পার্কিং করা না যায়।
মেয়রের কথায়,যখন শহর ঝাড়ু, ময়লা তোলা, বর্জ্য পরিষ্কার হয়, তখন গাড়ি পার্ক থাকলে কাজ আটকে যায়। তাই সকালবেলায় রাস্তায় গাড়ি থাকবে না। এদিন অনুষ্ঠানে হালতুর কায়স্থপাড়ার বাসিন্দা রাজশেখর ঘোষ অভিযোগ জানান, তাঁদের খালপাড় সংলগ্ন রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্ক করে রেখে যান অনেকে। গাড়ির ফাঁকে ময়লা জমে, রাস্তাও ঠিক মতো পরিষ্কার হয় না। অভিযোগ শোনার পরই মেয়র দ্রুত ওই এলাকার রাস্তায় পরিস্কার অভিযান চালানোর নির্দেশ দেন।
পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকেও যুক্ত করার পরামর্শ দেন, যাতে শহরের পথে-ঘাটে পড়ে থাকা অজ্ঞাত গাড়িগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।ফিরহাদ হাকিম বলেন, অনেক ‘আনআইডেন্টিফাইড’ গাড়ি মাসের পর মাস রাস্তায় পড়ে থাকে, তাতে ময়লা জমে দুর্গন্ধ ছড়ায়। পরে দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটলে পুলিশ নড়েচড়ে বসে। কেন আগে ব্যবস্থা নেওয়া হয় না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। মেয়র জানিয়েছেন, এ বিষয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হবে। শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানান পুরনিগমের আধিকারিকরা।















