সুপ্রিম কোর্টে আস্থা রেখে ধরনা তুললেন মমতা। তার পরিপ্রেক্ষিতে ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানালেন, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে। তাই চিন্তার কোনও কারণ নেই। সেই পর্যবেক্ষণে আস্থা রেখেই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা। বললেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে।” আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি।
এদিন আদালত ঠিক কী জানিয়েছে ধরনামঞ্চ থেকে তা আমজনতার সামনে তুলে ধরেন মমতা। বলেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব।”














