বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এক সিদ্ধান্তে চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়ল শ্রীলঙ্কা। হাতছাড়া হল উদ্বোধনী উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের অধিকার। আইসিসি আনুষ্ঠানিকভাবে দ্বীপরাষ্ট্রের থেকে এই মেগা টুর্নামেন্ট সরিয়ে নতুন আয়োজক হিসেবে ঘোষণা করেছে ভারতকে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ছ’টি দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতে। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় এই স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যার জেরে অন্তত ২ কোটি মার্কিন ডলার বা আনুমানিক ১৮৮ কোটি টাকার লোকসানের মুখে পড়ল লঙ্কান বোর্ড।টুর্নামেন্ট কেড়ে নেওয়ার মূল কারণ শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালন ব্যবস্থা।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ড ছাড়া মেগা টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেয় না আইসিসি, অথচ লঙ্কান বোর্ড বর্তমানে চলছে সরকার নিযুক্ত ট্রান্সফরমেশন কমিটির অধীনে। ডেইলি মিরর পত্রিকার রিপোর্ট অনুযায়ী, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে দ্রুত নির্বাচন না করালে আয়োজকের অধিকার হারানোর বিষয়ে বোর্ডকে আগেই সতর্ক করা হয়েছিল।তবে এই সতর্কতা সরকারের শীর্ষ স্তরে জানানো হয়নি। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ও ক্রীড়া মন্ত্রক দীর্ঘদিন এই বিষয়ে অন্ধকারে ছিলেন, যা জানতে পারার আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়।
উল্লেখ্য, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩ সালেও একই সমস্যায় পড়েছিল শ্রীলঙ্কা, তখন ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ হারিয়ে তা চলে যায় দক্ষিণ আফ্রিকায়। তিন বছরের মধ্যে একই ভুলের পুনরাবৃত্তি ঘটাল লঙ্কান বোর্ড। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চাইছে ট্রান্সফরমেশন কমিটি।নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের মুম্বই ও বরোদায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ স্থানের জন্য লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। রাউন্ড-রবিন পর্বের পর ২৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল।














