রুশ তেল কেনা নিয়ে দিল্লির অস্বস্তি জিইয়ে রেখেই ভারতীয় পণ্যে শুল্ক কমানোর পথে হাঁটল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মাফিক ২৫ শতাংশ থেকে কমে এখন ১৮ শতাংশ হারে শুল্ক গুনতে হবে ভারতীয় রফতানিকারকদের। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বা তার পর থেকে গুদামজাত পণ্য খালাসের ক্ষেত্রে এই নয়া হার কার্যকর হয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের বিবৃতিকে শিলমোহর দিয়েই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংঘাত মেটাতে সম্প্রতি সমঝোতার রাস্তায় হাঁটেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, আগামী পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রাম্প জানান, ‘পারস্পারিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।’ তবে এই ছাড়ের বিনিময়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের কড়া শর্ত চাপিয়েছিলেন তিনি। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ১৮ শতাংশ শুল্কের নিয়মই এখন থেকে চূড়ান্ত।
শুল্কের হারে ছাড় মিললেও রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের অবস্থান এখনও বেশ কঠোর। ট্রাম্পের শর্ত নিয়ে সাউথ ব্লক সরাসরি মুখ না খুললেও মঙ্গলবার সংসদীয় প্যানেলকে মোদী সরকার সাফ জানিয়েছে যে, ভারত তার জাতীয় স্বার্থ বজায় রেখেই এগোবে। ভারতের বক্তব্য, যে সব দেশ থেকে সস্তা এবং উচ্চমানের অপরিশোধিত তেল পাওয়া যাবে, তা আমদানি চালিয়ে যাওয়া হবে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিচার করেই তেল আমদানির সিদ্ধান্ত নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। ফলে ওয়াশিংটন শুল্ক কমানোর দিনক্ষণ ঘোষণা করলেও তেলের বাজার নিয়ে টানাপড়েন এখনই কাটছে না। আপাতত মার্কিন প্রশাসনের নয়া পদক্ষেপে লাভের আশায় দিন গুনছেন এ দেশের ব্যবসায়ীরা।













