বৃহস্পতিবার ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করলেন রাজ্যের সেচ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নতুন জেলাশাসক বিজিন কৃষ্ণ, ঘাটালের নতুন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেই দপ্তরের কর্মাধ্যক্ষ আশিস হুতাইত সহ সেচ দপ্তরের ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন নির্দিষ্ট সময়ে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শেষ হবে।
ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে বারো টি ওয়ার্ড বন্যার জলে ডুবে যায়, যাতে আগামী দিনে ওই বারোটি ওয়ার্ড বন্যার জলে না ডুবে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘাটালে দুটি বড় পাম্প তৈরি করা হবে। নো কোস্ট মডেলে নদী থেকে পলি তোলার কাজ শুরু হয়েছে । সেই সঙ্গে নদী বাঁধ গুলিকে শক্ত পোক্ত ভাবে মেরামত করা হবে।
কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য এক টাকাও দেয়নি। কিন্তু তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা। তাই রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ শুরু করা হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে ঘাটাল বাসি জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে।












