বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠকে দলীয় নির্দেশ মেনে পদত্যাগ করার কথা বলা হয়েছে বলে খবর। যদিও শুক্রবার তিনি পদত্যাগ করেননি । এরপরই ৭ দিনের মধ্যে পদত্যাগ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে এদিন চিঠি দিলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। দলীয় সূত্রে খবর, সম্প্রতি বারাসাত পৌরসভার পৌরপ্রধান পদ থেকে অশনি মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন দলীয় নির্দেশে। তাঁর জায়গায় নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনীল মুখার্জি।
কিন্তু বনগাঁ পৌরসভার ক্ষেত্রে গোপাল শেঠ এখনও পর্যন্ত চেয়ারম্যানের পদে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বের তরফে তাঁকে ৭ দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তবে ওই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে বনগাঁর রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। গোষ্ঠী দ্বন্দ্ব নাকি দলবিরোধী পথেই হাঁটছেন গোপাল শেঠ! যদিও এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। দলের অন্তরেই এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।













