বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এহেন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের। একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দপ্তরকেও একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতার সিইও দপ্তর ‘ভয়’ দেখাচ্ছে। বিএলওদের শোকজ করা হচ্ছে। এমনকী কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে অস্বীকার করছে কমিশন।
এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে ইতিমধ্যে রাজ্যে এক বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও একাধিক বিএলও অসুস্থ বলে খবর। এছাড়া প্রক্রিয়া শুরু হওয়া ইস্তক প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে কথা উল্লেখ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।















