উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত কাজদহ গ্রামে আজ সকাল থেকেই তৈরি হয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ। হঠাৎ করেই একদল কুকুর গ্রামজুড়ে ছুটে বেড়িয়ে গ্রামবাসীদের ওপর হামলা শুরু করে। শিশু, কিশোর, মহিলা থেকে শুরু করে বৃদ্ধ—কেউই রেহাই পাননি। হাতে, পায়ে, পিঠে এমনকি মাথায়ও কামড়ের চিহ্ন নিয়ে বহু মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই কুকুরগুলোর আচরণ সন্দেহজনক ছিল। মানুষ দেখলেই ছুটে গিয়ে আক্রমণ করছিল। গ্রামবাসী প্রথমে তাড়ানোর চেষ্টা করলেও পরে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বহু মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে সাহস পাননি। ইতিমধ্যেই আক্রান্তদের মধ্যে ৫০ জনের বেশি মানুষকে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে মহিলাসহ শিশু ও পুরুষ মিলিয়ে এখনও অন্তত ১৫ জন ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানান, অধিকাংশেরই কামড় গভীর হওয়ায় অ্যান্টি-রেবিস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার জেরে গ্রামে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। কুকুরগুলোর আচরণ স্বাভাবিক কি না, নাকি অন্য কোনও কারণে এমন তাণ্ডব ঘটছে—তা খতিয়ে দেখতে পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।















