রাজ্য জুড়ে আশা কর্মীরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে তারা লাগাতার কর্মবিরতি পালন করছেন। শুক্রবারও উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া ও বর্ধমান সহ একাধিক জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা যায়। হাওড়ায় সাড়ে তিন হাজার আশাকর্মী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে। উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালের মেন গেট দীর্ঘক্ষণ বন্ধ থাকে। বাঁকুড়া ও বর্ধমানেও কর্মীরা মিছিল ও রাস্তা অবরোধে অংশ নেন, যার ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটে।
আশা কর্মীদের প্রধান দাবি হলো মাসিক ভাতা বৃদ্ধি। বর্তমানে তাদের ভাতা ৫,২৫০ টাকা, যা কাজের চাপের তুলনায় কম। এছাড়া তাঁদের উৎসাহ ভাতাও নিয়মিত দেওয়া হয় না, কোথাও চার থেকে পাঁচ মাস বকেয়া রয়েছে। মোবাইল দেওয়ার প্রস্তাবিত অনুদানেও কিছু শর্ত আরোপ করা হয়েছে, যা তারা মানতে নারাজ।
মাতৃত্বকালীন ছুটি এবং আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লাখ টাকা দেওয়ার দাবিও রয়েছে।
আশা কর্মী মিতা সেন বলেন, “আমরা চার দিন ধরে কর্মবিরতি করছি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েও কোনো সমাধান পাইনি। তাই আন্দোলনের পথেই নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মেটানো পর্যন্ত আন্দোলন চলবে।














