Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক অরূপের

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক অরূপের

তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকালে হাওড়ার কদমতলায় দলের সদর কার্য্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ওই আহ্বান জানান তিনি। দলীয় পতাকা উত্তোলন করেন।

 

এদিন জেলায় ব্লকে-অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তাঁর বক্তব্যে দলের চেয়ারম্যান তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘দল যখন গঠন হলো আমাদের সমস্ত কর্মীরা সেদিন নেত্রীর আহবানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কাকদ্বীপ থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্রই বাংলা গড়ার লক্ষ্য নিয়ে নেত্রী কাজে নেমে পড়েছিলেন।

 

এরপর বহু আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে ২০১১ সালে অত্যাচারী মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে আমরা সারা বাংলায় জয়ী হয়েছিলাম। এরপর ২০১৬, ২০২১ আমরা পরপর তিনবার বাংলায় জয়লাভ করেছি। ২০২৬ এসে গেছে। বাংলার ইতিহাস, বাংলার ভূগোল যারা জানে না, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের কোনও ভূমিকা ছিল না, যারা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন তারা আজ বাংলা দখলের স্বপ্ন নিয়ে বাংলা দখল করার জন্য এসআইআর চালু করেছেন। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন কাজ করছে।

 

বাংলার ভোটারদের তারা অযথা হয়রানি করছেন। আমরা দেখেছি ২০০২ এবং ২০২৫, যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরও শুনানিতে ডাকা হচ্ছে। শুনানি অ্যাটেন্ড করার জন্য সিনিয়র সিটিজেন, অসুস্থ মানুষ, হাসপাতালে ভর্তি মানুষ ছুটে আসছেন। যাদের হিয়ারিংয়ে ডাকার প্রয়োজন নেই তাঁদেরও ডেকে হয়রান করা হচ্ছে। বাংলার প্রকৃত ভোটারদের নাম কেটে দিয়ে বাংলা দখল করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে আমাদের বিএলএ, বিএলএ টু-রা। দলের কর্মীরা দলকে যারা ভালোবাসেন নেত্রীকে যারা ভালোবাসেন সেইসব কর্মীরা দলের জন্য জান দিয়ে ভোটার লিস্টের কাজ করেছেন।

 

দলের প্রতিষ্ঠা দিবসে তাঁদের সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী করার জন্য দলের কর্মীরা যাঁরা অক্লান্ত কাজ করেছেন তাঁদেরকে অভিনন্দন জানাই। দলের যে সমস্ত পুরনো কর্মী যারা দুর্দিনে জান দিয়ে লড়াই করেছেন তাঁদের লড়াইকেও কুর্নিশ করি। আজ ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে একটাই বার্তা, দলের সমস্ত কর্মীকে ঐক্যবদ্ধ করে সকলকে সঙ্গে নিয়ে কাজ করুন। ভারতীয় জনতা পার্টি যারা মিথ্যাচার করে বাংলা দখল করার চেষ্টা করছে অপশাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে’।

READ MORE.....