ভিনদেশি তকমা ঘুচিয়ে এবার ভারতীয় গণতন্ত্রের উৎসবে শামিল হতে চান তাঁরা। রাশিয়ার রুকমাবতী দেবী দাসী ও ইউক্রেনের বদ্রেশরি দেবী দাসী মায়াপুরের ইস্কনে দীক্ষিত এই দুই বিদেশিনী এবার ভোটার তালিকায় নাম তুলতে সরাসরি হাজির হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে। তাঁদের দাবি, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় এ দেশে বসবাসের পর তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এবার নাগরিক হিসেবে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চান এই দুই মহিলা।
ভারতীয় সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, কেবল এ দেশের নাগরিকরাই ভোটাধিকার পান। বিদেশিদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই। তবে বদ্রেশরি ও রুকমাবতীর দাবি, তাঁরা প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পরেই কমিশনের দ্বারস্থ হয়েছেন। কীভাবে তাঁরা নাগরিকত্ব পেলেন বা তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে না এলেও, তাঁরা জানিয়েছেন যে নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত প্রমাণপত্র ইতিমধ্যেই কমিশনের কাছে জমা দিয়েছেন তাঁরা।
বর্তমানে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ (এসআইআর) চলায় এই সময়টিকেই তাঁরা বেছে নিয়েছেন। দীর্ঘদিন বঙ্গে থাকার সুবাদে দুই বিদেশিনীই এখন স্বচ্ছন্দ বাংলায় কথা বলেন। পরনে শাড়ি, কপালে তিলক আটপৌরে বাঙালি নারীর মতোই নিজেদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম করে নিয়েছেন তাঁরা। বদ্রেশরি জানান, অফলাইনে ফর্ম পূরণে কিছু প্রযুক্তিগত সমস্যা হওয়ায় তাঁরা সরাসরি সিইও দফতরে এসেছিলেন। তাঁর কথায়, সিইও দফতরের আধিকারিকরা আমাদের সহায়তা করেছেন।
কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তা সবিস্তারে বুঝিয়ে দিয়েছেন। একই সুর রাশিয়ার রুকমাবতীর কণ্ঠেও। পরিষ্কার বাংলায় তিনি বলেন, আমি ভারত ও ভারতীয়দের খুব ভালোবাসি ৷ এ দেশের সংস্কৃতিকেই আপন করে নিয়েছি। ২০ বছরেরও বেশি সময় ধরে রয়েছি ভারতে। আগে ফর্ম ফিল-আপ করেছিলাম ৷ সেখানে ছোট একটা সমস্যা ছিল ৷ এখানে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তাঁরা আমাকে সবটা বুঝিয়ে দিয়েছেন। দুই বিদেশিনীর আবেদনের দিনই অবশ্য সিইও দফতরে অন্য এক বিতর্ক দানা বাঁধে।
ভোটার তালিকা সংশোধনের শুনানিতে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের তলব করার প্রতিবাদে সরব হয় ‘বাংলা একতা মঞ্চ’। এদিন এই ইস্যুতে অভিযোগ জানাতে কমিশনে আসেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তরা। সাধারণ ভোটারের পাশাপাশি কেন বিশিষ্টদেরও শুনানিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তাঁরা। সব মিলিয়ে নাগরিকত্ব ও ভোটাধিকার ইস্যুকে কেন্দ্র করে এদিন সরগরম ছিল নির্বাচন কমিশনের দফতর।













