রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং সংরক্ষিত শ্রেণির বিস্তারিত তথ্যসহ তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী সাত দিনের মধ্যে এই তালিকা জনসমক্ষে আনতে হবে। আদালতের এই নির্দেশে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তোলা চাকরিপ্রার্থীদের বড় জয় বলেই মনে করা হচ্ছে।
২০২৪ সালের রুল অনুযায়ী কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। গত ডিসেম্বর মাসে ৬০,১৭৮ জন উত্তীর্ণ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এরপর প্রার্থীদের শারীরিক মাপজোক ও দক্ষতার পরীক্ষাও নেওয়া হয়েছে। কিন্তু মামলাকারীদের অভিযোগ ছিল, প্রকাশিত তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর বা ক্যাটাগরি উল্লেখ করা হয়নি। ফলে কারা ঠিক কত নম্বর পেয়ে পরবর্তী স্তরে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
আদালতে মামলাকারীদের পক্ষে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী সওয়াল করেন, প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি ৷ বিশেষত তাঁদের প্রাপ্ত নম্বর এবং কে কোনও শ্রেণি থেকে সুযোগ পেয়েছেন সেটা জানানো হয়নি ৷ ফলে মামলাকারীদের মনে হচ্ছে, এখানে স্বচ্ছতার অভাব ঘটতে পারে।
পাল্টা যুক্তিতে রাজ্যের আইনজীবী অমল কুমার সেন জানান, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগে নম্বর প্রকাশ করলে অকৃতকার্য প্রার্থীরা নতুন করে দাবি-দাওয়া জানাতে পারেন, যা ঝামেলার সৃষ্টি করবে। এমনকি নিয়োগের রুলও এমন অনুমতি দেয় না বলে তিনি দাবি করেন। তবে বিচারপতি সেই যুক্তি গ্রাহ্য করেননি।
রাজ্যের আপত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়? তিনি সাফ জানান, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন। প্রার্থীরা যোগ্যতা প্রমাণ করতে না পারলে বাদ যাবেন, কিন্তু গোপনীয়তা বজায় রাখা চলবে না। সাত দিনের মধ্যে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়ে আদালত বুঝিয়ে দিল, নিয়োগের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না।












