আজ প্রকাশিত হচ্ছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) চূড়ান্ত রূপ। কিন্তু তার আগেই আশঙ্কার মেঘ ঘনিয়েছে আমজনতার কপালে। কমিশন সূত্রের খবর, খসড়া তালিকায় বাদ যাওয়া ৫৮ লক্ষের সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ৯ লক্ষ নাম। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৬৮ লক্ষ নাম বাদ পড়তে চলেছে এই তালিকায়। এছাড়া প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তাঁদের ভাগ্য এখন ঝুলে রয়েছে ‘অ্যাডজুডিকেশন’-এর ঘরে। আজ শনিবার দুপুরের মধ্যেই কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। তবে এখনই বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের কাছে এই তালিকা মিলবে না। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হলেও সাধারণ মানুষকে নাম খুঁজতে হবে ডিজিটাল মাধ্যমেই।
এ ছাড়াও বিডিও, এসডিও এবং জেলাশাসকের দফতরে তালিকার হার্ডকপি টাঙানো থাকবে। কমিশন জানিয়েছে, ‘চূড়ান্ত ভোটার তালিকা বুথেই প্রকাশ করতে হবে, নিয়মে নির্দিষ্ট করে এমন কিছু বলা নেই।’ তবে পরবর্তীকালে তা বিএলও-দের কাছে পাওয়া যেতে পারে। যাঁদের তথ্যে অমিল রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা তা খতিয়ে দেখছেন। ২৮ তারিখের তালিকায় এই ৬০ লক্ষ মানুষের নামের পাশে ‘Adjudicated’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে।
পরে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নামগুলি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের নাম পুরোপুরি বাদ গিয়েছে, সেখানে লেখা থাকবে ‘Deleted’। কীভাবে দেখবেন নিজের নাম? কমিশনের ওয়েবসাইট (eci.gov.in বা ceowestbengal.wb.gov.in) অথবা ‘ECINET’ অ্যাপে গিয়ে ভাষা নির্বাচন করতে হবে। এরপর এপিক নম্বর ও রাজ্যের নাম দিয়ে ক্যাপচা কোড দিলেই নিজের বর্তমান অবস্থান জানা যাবে। এপিক নম্বর মনে না থাকলেও নাম ও পরিচয় দিয়ে সার্চ করার বিকল্প ব্যবস্থা থাকছে।











