নেপালের সাধারণ নির্বাচনে কার্যত জেন জি সুনামি। নতুন প্রজন্মের দুর্নীতি বিরোধী ওই আন্দোলনের আশীর্বাদপুষ্ট রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) দেশের সাতটি প্রদেশে ১০৫টি আসনে এগিয়ে আছে। স্বভাবত বলাই যায় গৌতম বুদ্ধের দেশ রাষ্ট্রীয় স্বাধীন পার্টির ‘ঘণ্টা’ প্রতীকের প্রতিধ্বনিতে কাঁপছে। চিন ঘেঁষা ওলির দল কমিউনিস্ট পার্টি (ইউনাইটেড মার্কসবাদী-লেনিনবাদী) নির্বাচনে সামান্যও ছাপ ফেলতে পারেনি। জেন জি সুনামিতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে পুরনো অন্য দলগুলোও।
নেপাল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭টা পর্যন্ত ১৬৫টি আসনের মধ্যে ১০৫টিতে জেন জি প্রতিনিধি কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এগিয়ে রয়েছে। একটিতে জয় নিশ্চিত করেছে তারা। নেপালি কংগ্রেস একটি আসন, সিপিএন-ইউএমএল ৭টি এবং নেপালি কমিউনিস্ট পার্টি ৯টি করে আসনে এগিয়ে রয়েছে। দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, সেপ্টেম্বরে জেনারেল জেড-এর নেতৃত্বাধীন আন্দোলনের পর জনপ্রিয়তার জোয়ারে ভর করে ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের প্রতিনিধি পরিষদ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) অগ্রণী ভূমিকা পালন করছে।














