রাষ্ট্রপতিতে স্বাগত জানাতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও পদাধিকারীর উপস্থিত না থাকার ঘটনা দেশের সাংবিধানিক প্রধানের প্রতি ‘অসম্মান’ বলে উল্লেখ করলেন মোদি। একইসঙ্গে তাঁর তোপ, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।’ রাজ্যে রাষ্ট্রপতি এসেছেন, অথচ তাঁকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনও মন্ত্রী – একথা উল্লেখ করে শনিবার রাষ্ট্রপতি নিজে প্রোটোকল ভাঙার অভিযোগ তুলেছিলেন।
মন্তব্য করেছিলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা ব্যাপার নয় কোনও।” রাষ্ট্রপতির এহেন মন্তব্যের পরই সোশাল মিডিয়ায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।














