পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুমগ্রামে ফুটবল ময়দানে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও রাসবিহারী হালদারের সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে এদিন কর্মীদের হুঁশিয়ারি দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দলে থাকতে হলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হবে’।
সভামঞ্চ থেকেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক স্থানীয় তৃণমূল নেতাকে কার্যত বহিষ্কারের হুঁশিয়ারি দেন তিনি। মন্তেশ্বর বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরেই গোষ্ঠী কোন্দল চলছে। বর্তমান বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদের গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বারবার উত্তপ্ত হয়েছে এলাকা। প্রার্থী ঘোষণার পর সেই দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে।
সভায় তিনি স্পষ্ট বার্তা দেন, ‘একটা দলে অনেকেই টিকিট চাইতে পারে, কিন্তু দলই ঠিক করে কাকে প্রার্থী করা হবে। টিকিট না পেয়ে কেউ যদি বিজেপিকে সমর্থন করে, তা মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘যদি দলে থাকতে হয়, তৃণমূলের হয়ে কাজ করতে হবে এবং বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। না হলে দল ছাড়তে পারেন। যে কোনো দল করার অধিকার সবার আছে। কিন্তু বিজেপির সঙ্গে যাদের যোগ আছে, তাদের আমরা দলে রাখব না।’
বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, ভোটাধিকার খর্ব এবং নানা ‘অত্যাচার’-এর বিরুদ্ধে যাঁরা তখন নীরব ছিলেন, তাঁদের উদ্দেশ্যেও কড়া প্রশ্ন তোলেন তিনি। তবে এদিনের এই সভার পর দলীয় কোন্দল কি বজায় থাকবে নাকি নিজেদের ভিতরের বিবাদ মিটিয়ে নির্বাচনের ময়দানে সবাই একসাথে লড়াইয়ে নামবেন, সেটাই এখন দেখার।














