আগামী ২৯ এপ্রিল ভোটকে সামনে রেখে জামালপুরের পাঁচড়া সাগরচন্দ্র বিদ্যালয়ে পোলিং পার্টিদের চূড়ান্ত প্রশিক্ষণ সম্পন্ন হলো। রায়না, মেমারি, মন্তেশ্বর, কাটোয়া ও কালনা সহ একাধিক ব্লক থেকে পোলিং কর্মীরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের পাশাপাশি পোলিং পার্সোনালদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থাও করা হয়। নির্দিষ্ট ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ পরিবেশে কর্মীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইআরও নীলিমা সামন্ত, বিডিও পার্থসারথী দে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ট্রেনিং সেন্টারে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী।
আগামী ২৯ তারিখ পোলিং পার্সোনালরা কীভাবে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছবেন, তার জন্য বিস্তারিত রুট চার্ট টাঙিয়ে দেওয়া হয় ট্রেনিং সেন্টারে। পুরো ব্যবস্থাপনা ও ভোটদান প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শনে আসেন জেলাশাসক শ্বেতা আগারওয়াল। ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিডিও পার্থসারথী দে জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে প্রশিক্ষণ ও ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি সকল পোলিং পার্সোনালদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।














