ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলা তথা দিল্লি ক্যাপিটালসের ২৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের আইনি জটিলতা আরও বাড়ল। তিন দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে মগরা থানার পুলিশ তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। আদালত তাঁকে আগামী ২৮ আগস্ট পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এক ডাক্তারি পড়ুয়া তরুণী গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর দাবি, বিগত সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা একসঙ্গে বিদেশেও ভ্রমণ করেছিলেন। তবে বছর দেড়েক আগে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে ওই তরুণী আইনের দ্বারস্থ হন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ চন্দননগরে অভিষেকের বাসভবনে একাধিকবার অভিযান চালালেও তিনি গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। পরবর্তীতে অভিযোগকারী তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
অভিষেক পোড়েলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা -এর ৬৯, ৩১১, ৩১৮ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ও ৭২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যদিও আদালত ও পুলিশের কাছে শুরু থেকেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে এসেছেন এই উঠতি ক্রিকেটার। আপাতত পরবর্তী শুনানির তারিখ অর্থাৎ ২৮ আগস্ট পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে।














