Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অর্জুন পুরস্কার পাচ্ছেন দিব্যা-তেজস্বিন-সহ ১৭ জন

অর্জুন পুরস্কার পাচ্ছেন দিব্যা-তেজস্বিন-সহ ১৭ জন

জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১৭ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য এই বছর কোনও ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়নি। প্রাথমিকভাবে হকি তারকা হার্দিক সিংয়ের নাম ভাবা হলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। ২০১৪ সালের পর এই প্রথম খেলরত্ন প্রাপকের তালিকা ফাঁকা রইল। পাশাপাশি ২০২৩ সালে মহম্মদ শামির পর এবারও তালিকায় জায়গা পাননি কোনও ক্রিকেটার।

 

অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় উল্লেখযোগ্য নাম দাবায় বিশ্বকাপজয়ী গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ, ভারতীয় পুরুষ ডেকাথলেট ও হাই জাম্পার তেজস্বিন শঙ্কর এবং ব্যাডমিন্টনের ডাবলস জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। গত বছর জর্জিয়ায় বিশ্বকাপ জিতে দেশের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া ১৯ বছর বয়সী দিব্যা এবং গ্লাসগো কমনওয়েলথ গেমসে ডেকাথলনে ঐতিহাসিক ব্রোঞ্জ পদকজয়ী তেজস্বিন বিগত বছরগুলিতে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন। এছাড়াও দাবাড়ু বিদিত গুজরাতি, প্যারা-শুটার রুদ্রাংশ খান্ডেলওয়াল, বধির শুটার ধনুশ শ্রীকান্ত, বক্সার নরেন্দর এবং ১৯৬২ এশিয়ান গেমসে সোনাজয়ী ফুটবল দলের সদস্য আই অরুমায়নায়গম (লাইফটাইম ক্যাটাগরি)-সহ মোট ১৭ জনকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

 

এর পাশাপাশি সেরা কোচদের জন্য দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করেছে মন্ত্রক। কিংবদন্তি বক্সার মেরি কমের কোচিং স্টাফের সদস্য তথা জাতীয় মহিলা ক্যাম্পের প্রশিক্ষক ছোট লাল যাদব এই তালিকায় অন্যতম প্রধান মুখ। এছাড়া কোচিংয়ে আজীবন অবদানের (লাইফটাইম) জন্য জাতীয় পুরুষ দলের কোচ ধর্মেন্দ্র যাদব এবং কুস্তির প্রশিক্ষক বীরেন্দ্র কুমারকে দ্রোণাচার্য সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কারের স্বচ্ছতা ও মর্যাদা বজায় রাখতে পুনর্মূল্যায়নের কারণে এবার তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হলেও যোগ্য প্রতিভাদেরই পুরস্কৃত করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।

READ MORE.....