ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহেই দিন তিনেকের জন্য উত্তরবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এবং রোশন গিরির বৈঠকের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের উত্তরবঙ্গ সম্পর্কে ঘিরে তাই নানা জল্পনা শুরু হয়েছে এবারে হয়তো গোর্খাল্যান্ড সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট থেকে ২২ অগাস্ট পর্যন্ত তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নবান্ন ও রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে। নবান্ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত এলাকার নিরাপত্তা সুসংহত করা এবং অবৈধ নগদ টাকা লেনদেন ও চোরাচালান রুখতে সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের রূপায়িত ‘ভাইব্রেন্ট ভিলেজ’ কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি একটি বিশেষ প্রদর্শনশালারও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফরের অন্যতম মূল বিষয় নয়া ফৌজদারী আইন প্রয়োগ সংক্রান্ত প্রশাসনিক আলোচনা।
এছাড়া, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নমূলক একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা ও শিলান্যাসের প্রস্তুতিও চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকদের সমন্বয়ে প্রস্তুতি নিচ্ছে নবান্ন। এর আগে গত ১৯ জুলাই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি চত্বরে ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর ‘শব্দলোক’ বা ‘মিউজিয়াম অব ওয়ার্ড’-এর উদ্বোধন করতে এসেছিলেন। জুলাই মাসেই তিনি শিলিগুড়ি ও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন।














