ফুটপাথ দখল করে কেউ দোকান করবে, কেউ দুধ গরম করবে তাহলে মানুষ হাঁটবে কোথায়?’ সম্প্রতি পার্ক স্ট্রিটের ফুটপাতে বসবাসকারী এক মহিলা বাচ্চার জন্য দুধ গরম করার সময়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খাওয়া নিয়ে তৈরি বিতর্কের প্রেক্ষিতে এমন প্রশ্ন তুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ‘ফুটপাত দখলটা একটা ফ্যাশন পশ্চিমবাংলায়। আর তার পেছনে ওদের সুবিধার চাইতে রাজনৈতিক লাভ বেশি আছে নেতাদের। সেই জন্য এটা বন্ধ হয় না কখনো। কিন্তু এটা তুলতেই হবে, কলকাতায় রাস্তা কম গাড়ি অনেক বেশি হয়ে গেছে।
মানুষের হাঁটার জায়গা নেই। তারপরে ফুটপাত দখল করে কেউ দোকান করবে ফল বিক্রি করবে পানের দোকান করবে গরম দুধ করবে তাহলে মানুষ হাঁটবে কোথায়?’ তবে দীর্ঘ দিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানের জন্য বর্তমান সরকার নানা ধরনের পরিকল্পনা করছে বলে জানিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘সেই জন্য সরকার রাস্তা বার করছে। কালকে আমিও গেছিলাম ওখানে নিউমার্কেটে। যারা এসেছিলেন দেখা হল গাড়ি আটকে বললেন আমরাই গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আমরা কথা বলেছি আমাদের কোন অভিযোগ নেই সবাই অ্যাডজাস্ট করতে তৈরি আছে। সরকারও আপিল করছে যে সবাই মিলে এখানকার আইন-শৃঙ্খলা রাস্তাঘাট যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা করেন আমার।
মেছো বাজার এত বড় বাজারও বন্ধ ছিল খালি হয়ে গেছে কাউকে কেস করা হয়নি, লাঠি চালানো হয়নি, মানুষ বুঝে গেছে, এইভাবে চলতে পারে না। বিরোধীরা বুঝলে তো দোকান চলবে না। আর তারা বুঝুন বা না বুঝুন কিছু যায় আসে না সাধারণ মানুষ কথা বলবেন।’ এদিকে মঙ্গলবারই পার্কস্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে আশ্বাস দেন থাকার ব্যবস্থা করে দেওয়ার। সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ‘সবাই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে রাজি আছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা, সকলেই জানেন যে এভাবে ফুটপাতে দখল করে নেওয়া যায় না। তাই নিজেরা এগিয়ে এসে জায়গা পরিষ্কার করছেন।’














