আগামী ২ সেপ্টেম্বর, বুধবার একদিনের জেলা সফরে দক্ষিণ দিনাজপুর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর, ওই দিন দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে বালুরঘাট বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা ও পুলিশ প্রশাসনের মধ্যে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।
সফরের শুরুতেই বালুরঘাট বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁর যাওয়ার কথা বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে, যেখানে প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর জেলা মেডিকেল কলেজের পরিকাঠামো সহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। পরিদর্শনের শেষ পর্বে বালুরঘাট রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, আত্রেয়ী খাঁড়ির সামগ্রিক সংস্কার ও সৌন্দর্যায়ন এবং কুশমন্ডিতে প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলা সহ জেলার একাধিক বকেয়া উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা হতে পারে।
সফরের সময়সূচি নিশ্চিত করে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর এই সফরসূচির প্রাথমিক রূপরেখা পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে কোনো সংযোজন হলে তা জানানো হবে। দীর্ঘদিনের একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও পরিকাঠামোগত পর্যালোচনার সম্ভাবনা থাকায় মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে আশাবাদী জেলার মানুষ। বাসিন্দাদের মতে, শুভেন্দু অধিকারীর এই পরিদর্শনের ফলে জেলার সার্বিক উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত গতি পাবে এবং প্রশাসনিক কাজে নতুন গতি সঞ্চার হবে।














