ক্রিকেটের কোচিং কেরিয়ারে বড় সাফল্য পেলেন বঙ্গসন্তান লক্ষ্মীরতন শুক্লা। তাঁর কোচিংয়েই ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারত। ফাইনালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরকে ১৬৭ রানে হারিয়ে ট্রফি জিতল ঋষভ পন্থের দল। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার দুই পেসার আকাশ দীপ ও মুকেশ কুমার। তাঁদের দাপুটে বোলিংয়ের সুবাদেই চার দিনের মধ্যে ম্যাচ শেষ করে দেয় অবশিষ্ট ভারত।
প্রথমে ব্যাট করে ২৩৭ রানে অলআউট হয় অবশিষ্ট ভারত। স্মরণ রবিচন্দ্রন করেন ৬৮ রান, ওপেনার শিখর মোহনের ব্যাট থেকে আসে ৬০। জম্মু-কাশ্মীরের হয়ে তিনটি করে উইকেট নেন সুনীল কুমার ও নাসির মুজাফ্ফর। জবাবে ২৭৮ রানে শেষ হয় জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস। অধিনায়ক পরস ডোগরা করেন ৭৫ রান। আব্দুল সামাদের ব্যাট থেকে আসে ৫৭। মুকেশ কুমার নেন পাঁচ উইকেট, আকাশ দীপের ঝুলিতে যায় তিন উইকেট।দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান তোলে অবশিষ্ট ভারত। ফের ব্যাট হাতে দাপট দেখান স্মরণ। এবার ১৩৫ রান করেন তিনি। ফলে জয়ের জন্য জম্মু-কাশ্মীরের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রান। কিন্তু মাত্র ১১১ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
মাত্র ৩৩ রান খরচ করে ছয় উইকেট নেন মুকেশ কুমার। আকাশ দীপ পান তিন উইকেট, খরচ করেন ২৫ রান।যদিও দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১০ এবং দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৮ রান। রান তাড়ার পথে ১০৩ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর মাত্র পাঁচ রানের মধ্যে আরও চার উইকেট হারায় জম্মু-কাশ্মীর। শেষ পর্যন্ত ১৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়ে ইরানি কাপ নিজেদের দখলে নেয় অবশিষ্ট ভারত। বঙ্গসন্তান লক্ষ্মীরতনের কোচিং কেরিয়ারে যোগ হল বড় সাফল্য।














