মহালয়ায় দেবীপক্ষের সূচনা। সেই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় বিশেষ লেজার ও আতশবাজির শো। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে যখন আলোর রোশনাইয়ে জমে ওঠে অনুষ্ঠান, তখন গঙ্গার এপারে হাওড়ার বিভিন্ন ঘাটেও ভিড় জমান অসংখ্য মানুষ।
হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট ও ইডেন গার্ডেন্সের দিক থেকে ভেসে আসা আলোর ঝলকানি এবং আতশবাজির রঙিন আভা গঙ্গার জলে প্রতিফলিত হয়ে তৈরি করে এক মায়াবী পরিবেশ। নদীর বুকে রঙিন আলোর সেই বিচ্ছুরণ দেখতে ঘাটে ঘাটে দাঁড়িয়ে পড়েন বাসিন্দারা। দেবীপক্ষের সূচনায় উৎসবের আবহ, গঙ্গার শান্ত জল আর আকাশজুড়ে আলোর খেলা—সব মিলিয়ে মহালয়ার সন্ধ্যা হাওড়াবাসীর কাছে হয়ে ওঠে এক মনোরম অভিজ্ঞতা।















