পুরীর আদলে এবার উত্তরাখণ্ডের চারধাম। আগামী এপ্রিল থেকেই কেদারনাথ এবং বদরীনাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। মন্দির পরিচালন বোর্ডের বৈঠকে এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। বুধবার শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, পর্যটন নয় বরং আধ্যাত্মিকতা রক্ষা করতেই এই কড়া পদক্ষেপ।
বোর্ডের সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, আগামী মাসেই তীর্থযাত্রা শুরুর দিন থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, অ-হিন্দুরা মন্দির প্রাঙ্গণ বা গর্ভগৃহে ঢুকতে পারবেন না। দ্বিবেদীর কথায়, ‘আগামী মাসে তীর্থযাত্রার মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নিয়মটি কার্যকর করা হবে। এই নিয়ম অনুযায়ী, অ-হিন্দুরা মন্দির প্রাঙ্গণ বা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।’
তিনি আরও দাবি করেন, ‘এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। বদরীনাথ ও কেদারনাথ পর্যটনকেন্দ্র নয়, বরং বিশ্বাসের কেন্দ্র।’ কমিটির মতে, সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ মেনে নিজেদের ধর্মীয় রীতি রক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী ও গঙ্গোত্রীর দ্বার খোলার মাধ্যমে চারধাম যাত্রা শুরু হবে। কেদারনাথের দরজা খুলবে ২২ এপ্রিল এবং বদরীনাথের ২৩ এপ্রিল। শুধুমাত্র এই দুই প্রধান ধামই নয়, মোট ৪৫টি মন্দিরে জারি হবে এই নিষেধাজ্ঞা। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়ালের দাবি, দীর্ঘদিনের প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইল ফটোতে কেদারনাথ ।















