উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর খুলনা এলাকায় তৃণমূল কংগ্রেসের খুলনা অঞ্চল সহ-সভাপতি রণজিৎ দাসকে মারধরের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার সকালে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় রণজিৎ দাসকে রাস্তার মধ্যে ধরে বাস লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে সুকান্ত দাস ও তার পরিবারের কয়েকজন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় পরে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে। রণজিৎ দাস কিছুদিন ধরে জমি নিয়ে সমস্যার মুখোমুখি ছিলেন। সুকান্ত দাস অতীতে রণজিৎ দাসের কাছ থেকে টাকা দাবী করত। এদিন রণজিৎ দাস টাকা দিতে অস্বীকার করলে হামলা চালানো হয়। অভিযোগপত্রে উল্লেখ, হামলার সময় সুকান্ত দাসের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়েছিল, তবে পরিবার দাবি করেছেন, তিনি ভুয়া সাংবাদিক। সন্দেশখালি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে বসিরহাট মহকুমা আদালতে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ এখন এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত থাকতে পারে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ে তদন্ত করছে।















