তৃণমূল কংগ্রেসের অন্দরের টানাপোড়েনকে ঘিরে কড়া রাজনৈতিক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, দলীয় প্রতীককে কেন্দ্র করে যে আলোচনা চলছে, সেটি প্রকৃত ইস্যু নয়। আসল লড়াই হচ্ছে বিপুল অঙ্কের আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক বলেন, “এটা সম্মান বা প্রতীকের লড়াই নয়। ব্যাঙ্কে থাকা হাজার কোটি টাকার দখল নিয়েই এই সংঘাত। ওই অর্থ সাধারণ মানুষ, কৃষক এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এসেছে। সেই টাকার নিয়ন্ত্রণ নিয়েই বিরোধ তৈরি হয়েছে।” তাঁর মতে, এই বিরোধে কে দলীয় প্রতীক ব্যবহার করবে, তা সাধারণ মানুষের কাছে গুরুত্ব পাচ্ছে না। “মানুষের এতে কোনও আগ্রহ নেই।
কে প্রতীক পেল, কে পেল না, সেটা বড় বিষয় নয়,” বলেন বিজেপি রাজ্য সভাপতি। ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়েও ভবিষ্যদ্বাণী করেন শমীক। তাঁর বক্তব্য, “সময় খুব দূরে নয়, যখন ইভিএমে ঘাসফুল প্রতীকটাই আর দেখা যাবে না।” একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি। তাঁর দাবি, কমিশনের কাছে লিখিত অভিযোগ পাঠানো হবে। শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে তাঁর অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনাই দেখছেন পর্যবেক্ষকদের একাংশ।














