দমদম বিমানবন্দরে কলকাতা থেকে গোরখপুরগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিমানটি গোরখপুরের উদ্দেশে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বিমানের শৌচালয়ে একটি হুমকির চিরকুট দেখতে পান কেবিন ক্রু। সেখানে বিমানে বোমা রাখা রয়েছে বলে উল্লেখ করা হয়। চিরকুটটি নজরে আসার পর বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হয়। পাইলট বিমান সংস্থা কর্তৃপক্ষকে খবর দিলে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং শুরু হয় তল্লাশি অভিযান। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে বম্ব স্কোয়াডের সদস্য, সিআইএসএফ জওয়ান এবং প্রশিক্ষিত স্নিফার ডগ নিয়ে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ভিতরের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখেন নিরাপত্তাকর্মীরা। ঘটনার পর বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
পাশাপাশি বিমানে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় এক সন্দেহভাজন যাত্রীকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে ওই ব্যক্তির কাছ থেকেই হুমকির চিরকুট পাওয়া গিয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। বোমাতঙ্কের জেরে কলকাতা-গোরখপুর বিমান পরিষেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটে। নির্ধারিত সময়ে বিমানটি উড়তে পারেনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি। হুমকির চিরকুটটি কে বা কারা বিমানে রেখেছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।














