নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর। দীর্ঘ হিংসা পেরিয়ে এবার কি তাহলে শান্তি ফিরবে মণিপুরে? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে। সোমবার জরুরি তলবে দিল্লিতে আসেন মণিপুরের এনডিএ বিধায়করা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁরা একটি বৈঠক করেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মণিপুরে সরকার গড়তে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। অবশেষে মঙ্গলবার জানা গেল, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন খেমচাঁদ। তিনি মেইতেই সম্প্রদায়ভুক্ত। ২০২৩ সাল থেকে ভয়াবহ হিংসার আগুনে জ্বলেছে মণিপুর।
মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের, ঘরছাড়া লক্ষাধিক। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষ পেরিয়ে বর্তমানে কিছুটা শান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ফলে সরকার গঠন হলে মণিপুরে যাতে নতুন করে হিংসা না ছড়ায় তার জন্য বিজেপির পরিকল্পনা মেইতেই সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী ও কুকি সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী বেছে নেওয়া। তাতেই যেন সিলমোহর পড়ল। যদিও উত্তর-পূর্বের এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জানা যায়নি।












