Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বারুইপুর কাণ্ডে পথে নামছেন মমতা

বারুইপুর কাণ্ডে পথে নামছেন মমতা

শর্তসাপেক্ষে কলকাতার রাজপথে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিলের অনুমতি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুর আড়াইটা থেকে বিকেল চারটের মধ্যে হাজরা থেকে বালিগঞ্জের মধ্যে পদযাত্রা করতে পারবেন মমতা। আজ শর্তসাপেক্ষে এমন অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময় ও রুট মেনেই মিছিল করতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যাও সীমিত রাখতে হবে। আগামীকাল বুধবার অর্থাৎ ৮ জুলাই বারুইপুর কাণ্ড-সহ একাধিক ইস্যুতে পথে নামতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনার তীব্র নিন্দা করে সোমবার বিকেলেও কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করেছিলেন মমতা।

 

এবারে আরো বৃহত্তর আন্দোলনে নামার জন্য কলকাতা হাইকোর্টের কাছে অনুমতি প্রার্থনা করেন তিনি। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মিছিলে হাজার জনের বেশি অংশগ্রহণকারী থাকতে পারবেন না এবং রাস্তার একটি লেন বা ফ্ল্যাঙ্ক অবশ্যই যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে। তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রুটটিকে সমর্থন করেন। তাঁর বক্তব্য বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত এই নির্দিষ্ট রাস্তার মধ্যে কোনও হাসপাতাল নেই।

 

ফলে কোনও জরুরি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই এবং জনসাধারণের চলাচলেও তেমন কোনও বড় সমস্যা তৈরি হবে না। যদিও তৃণমূলের আবেদনের বিরোধিতা করে রাজ্যের এএজি রাজদীপ মজুমদার কলকাতা পুলিশের নতুন নিয়মের কথা মনে করিয়ে দেন। তিনি সওয়াল করেন, এই ধরনের মিছিলের জন্য অন্তত ১৫ দিন আগে আবেদন করার নিয়ম রয়েছে। তাঁর মতে, শুধু রাজনৈতিক এজেন্ডা পূরণ নয়, জনসাধারণের সুবিধার বিষয়টিকেই প্রশাসনের সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত। যে রুটটি বেছে নেওয়া হয়েছে, সেটি অত্যন্ত সরু এবং যানজটপ্রবণ। তাছাড়া ওই এলাকায় হাসপাতাল ও কলেজ থাকার কারণে মিছিলের ফলে তীব্র যানজট সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ও চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে।

READ MORE.....