নির্বাচন কমিশনের মেজাজ বুঝে এবার ময়দানে নামল নবান্ন। সোমবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক সারলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠকের পরেই নবান্নের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যের সমস্ত কমিশনারেটের শীর্ষ কর্তারাও হাজির ছিলেন।মূলত কমিশনের কড়া বার্তাকেই জেলা স্তরে পৌঁছে দেওয়া ছিল এই বৈঠকের লক্ষ্য। নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলার নির্বাচনী প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা নিয়ে এদিন বিশদ রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব।
বিশেষত বেআইনি অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ মদের কারবার রুখতে জেলা প্রশাসনকে কার্যত ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে। বড় অঙ্কের নগদ লেনদেনের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন নন্দিনী চক্রবর্তী। তাঁর সাফ কথা, কমিশনের নিয়মাবলি মেনে অতি দ্রুত প্রতিটি জেলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
ভোটের বাদ্যি বাজার আগেই রাজ্যকে সতর্ক করেছে কমিশন। সোমবারই রাজ্যের ২৩ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তবে আশার কথা শুনিয়ে কমিশন জানিয়েছে, ‘রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে।’ আইনশৃঙ্খলা খুব খারাপ রয়েছে, এমনটা মনে করছে না ফুল বেঞ্চ। যদিও ক্ষেত্রবিশেষে কিছু সমস্যা রয়েছে বলে পর্যবেক্ষণ তাদের।














