নেতৃত্ব, জনসেবা এবং ভারতের ‘বিকশিত ভারত’ দর্শনের ভূয়সী প্রশংসা করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বুধবার ভুটানের প্রধানমন্ত্রীর লেখা একটি বিশেষ নিবন্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিবন্ধে তোবগে উল্লেখ করেন, মোদীর নেতৃত্বের মূল ভিত্তি হলো প্রজ্ঞা, সহানুভূতি, সাহস এবং নিঃস্বার্থ সেবা। তাঁর মতে, ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন এই মানবিক মূল্যবোধেরই মূর্ত প্রতীক, যা দেশবাসীকে এক অভিন্ন জাতীয় লক্ষ্যে ঐক্যবদ্ধ করে সেই স্বপ্নপূরণে ব্রতী হতে অনুপ্রাণিত করছে।
একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে একটি শক্তিশালী ভারত কেবল নিজের উন্নয়নই নিশ্চিত করবে না, বরং প্রতিবেশী রাষ্ট্রগুলি এবং বৃহত্তর আন্তর্জাতিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) দেশগুলির সামগ্রিক অগ্রগতিতেও বড় চালিকাশক্তি হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) নিবন্ধটি তুলে ধরে জানায়, নেতৃত্ব এবং জনসেবার মেলবন্ধন নিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর এই ভাবনা অত্যন্ত গভীর ও দূরদর্শী।














