হরমনপ্রীতকে ডি-লিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, এবারে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতীয় মহিলা অধিনায়ককে আমন্ত্রণ জানানো হবে। সেখানেই তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হবে। প্রথমে যাদবপুরের তরফে মৌখিক ভাবে সম্মতি জানানো হয়েছিল। কিন্তু এবার শীঘ্রই সরকারিভাবে ঘোষণা হতে চলেছে হরমনকে এই বিশেষ সম্মান দেওয়ার কথা। জানা গিয়েছে, হরমনপ্রীতকে ডি-লিট দেওয়া নিয়ে ইতিমধ্যেই জোর পরিকল্পনা চলছে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি, যাদবপুরের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
রাজভবনের তরফেও মিলে গিয়েছে গ্রিন সিগনাল। গত ২৩ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি দায়িত্ব গ্রহণের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে ডি-লিট উপাধি দেওয়া দেওয়া হবে। জানা গিয়েছে, এই পরিকল্পনাকে মাথায় রেখেই বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল প্রস্তাবে সম্মতি তো জানিয়েইছেন, পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈঠকেও আলোচনার করার অনুমতি দিয়েছেন।















