ডাবলু ডাবলু ই রেসলার দা গ্রেট খালিকে দেখতে ভিড় জমলো অন্ডাল বিমানবন্দরে। রবিবার ধানবাদে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন রেসলার খালি। সেজন্যই দিল্লি থেকে বিমানে চড়ে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সড়ক পথে পাড়ি দেন ধানবাদের উদ্দেশ্যে। জানা যায়, রবিবার সেখানে একটি রেসলিং গেমে প্যাকারের সাথে প্রদর্শনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালি।
দ্য গ্রেট খালি আসছেন শুনে এদিন বিমানবন্দরে ভিড় জমান উৎসাহী জনতা। বিমানবন্দরে খালি-কে ভাংড়া বাজনার সাথে স্বাগত জানান প্রদর্শনী ম্যাচের আয়োজকেরা। উল্লেখ্য, উত্তর প্রদেশের বাসিন্দা দা গ্রেট খালি একসময় আমেরিকান বেসবল প্লেয়ার ছিলেন। পরবর্তী কালে তিনি জনপ্রিয় খেলা ডব্লিউ ডব্লিউ ই খেলাতে অংশ নেন এবং সেখান থেকেই তিনি তারকার তকমা পান। জনপ্রিয়তার কারণে দেশ-বিদেশে বহু ভক্ত রয়েছে তার। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের একাংশের কাছে এদিন রেসলার খালি বলেন, মোবাইল থেকে শিশুদের দূরে রাখা উচিত।
মোবাইলে গেম না খেলে মাঠে গিয়ে খেলা দরকার। এতে শরীর মন সুগঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উক্তি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন যেদিন যুব সমাজ শারীরিকভাবে ফিট হবে সেদিন ভারত হবে বিশ্ব গুরু। রাজনীতি প্রসঙ্গে খালি বলেন, রাজনীতি করার থাকলে অনেকদিন আগেই করতে পারতাম। রাজনীতিতে আমার আগ্রহ নেই, খেলাধুলার প্রসার ঘটানোই আমার মিশন।













